ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি অভিযোগ করেছেন, সংগঠনের প্রতিপক্ষের নেতা-কর্মীরা গতকাল রোববার সকালে তাঁদের দুই নেতাকে বোমা মেরে জখম করেছেন।এ অভিযোগে ছাত্রলীগের সাবেক এক কর্মীকে মারধর করেন সভাপতির সমর্থক নেতা-কর্মীরা। পরে তাঁরা ‘বোমা হামলাকারীদের’ গ্রেপ্তারের দাবিতে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করেন। ভাঙচুর করেন আট-নয়টি গাড়ি।তবে ঘটনাস্থলে গিয়ে বোমা হামলার প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি। বোমার কোনো আলামতও খুঁজে পায়নি ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ।বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, সকাল ১০টার দিকে একটি মোটরসাইকেলে করে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসের দিকে আসছিলেন সাধারণ সম্পাদক সামসুজ্জামান তুহিন ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম। পথে শেখপাড়া বাজারের পাশে রাহাতুননেছা স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছামাত্র ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে পর পর চারটি বোমা ছুড়ে মারে। এতে সামসুজ্জামান ও কাশেম আহত হন। পরে তাঁদের ইসলামী বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।এ ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আবুজর গিফারী ওরফে গাফফারকে ও তাঁর সমর্থক কর্মীদের দায়ী করেন জাহাঙ্গীর।অভিযোগ অস্বীকার করে আবুজর গিফারী বলেন, বর্তমানে তিনি ঢাকায়। বোমা হামলার নাটক সাজিয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্তের দাবি জানান।আবুজর গিফারী বলেন, ঘটনার পর শেখপাড়া বাজারে মো. আলী শিমুল নামের ছাত্রলীগের এক কর্মীকে মারধর করেছেন সামসুজ্জামান ও তাঁর সমর্থকেরা।ছাত্রলীগের কর্মী শিমুল বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি। হাসপাতালে গেলে শিমুল প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে তিনি শেখপাড়া বাজারে যান। ওই সময় ছাত্রলীগের নেতা সামসুজ্জামান তাঁকে দেখিয়ে সমর্থকদের উদ্দেশে বলেন, ‘এই লোক গাফফারের পক্ষের। ওরে মার।’ এরপর সামসুজ্জামান তাঁর মাথায় আঘাত করেন।ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন মোল্লা প্রথম আলোকে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে বোমা বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন গুলি হওয়ার মতো শব্দ শুনেছেন। তবে কিছু দেখেননি। তাই আহত হওয়ারও কোনো ঘটনা ঘটেনি।’