ছাত্রলীগের দুই নেতার নামে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৃত্যশিল্পীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) রতন শেখ গত মঙ্গলবার বিকেলে মুখ্য বিচারিক হাকিমের আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৪ জানুয়ারি রাতে সাতক্ষীরা শিল্পকলা একাডেমীতে নৃত্য পরিবেশন করতে স্বামীকে নিয়ে আসেন খুলনার ওই নৃত্যশিল্পী। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ১২টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি শেখ জুয়েল হাসান মদ্যপ অবস্থায় টাকা পরিশোধের কথা বলে তাঁদের শহরের কাটিয়ায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদার ভাড়া বাসায় আনেন। এরপর ওই নৃত্যশিল্পীর স্বামীকে মারপিটের পর ঘর থেকে বের করে দিয়ে ওই দুই ছাত্রনেতা নৃত্যশিল্পীকে শ্লীলতাহানির পর ধর্ষণের চেষ্টা করেন।