ছাত্রলীগের দুই নেতার পিটুনিতে আহত প্রতিবন্ধী যুবকের মৃত্যু
ঢাকার সাভার উপজেলা ছাত্রলীগের দুই নেতার হামলার শিকার প্রতিবন্ধী শামীম হোসেন ফকির গতকাল শনিবার ভোরে মারা গেছেন। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চার দিন ধরে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) চিকিৎসক মো. আসাদুল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আঘাতজনিত কারণে শামীমের (২৫) মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। পরে সেই রক্ত মস্তিষ্কে জমাট বেঁধে যায়। এ কারণে তিনি চেতনা হারিয়ে ফেলেন।
শামীমের বাড়ি ঢাকার ধামরাইয়ের ফোর্ডনগর গ্রামে। তিনি শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তেমন কোনো কাজ করতে পারতেন না। দেড় বছর আগে তিনি বিয়ে করেন। এনাম মেডিকেল কলেজ হাসপাতালেই ১৯ দিন আগে তাঁর এক ছেলে সন্তানের জন্ম হয়।
গত মঙ্গলবার রাত নয়টার দিকে শামীম সাভার বাজার সড়কের একটি দোকানে মুঠোফোনে টাকা ভরতে (রিচার্জ) যান। এ সময় আগে টাকা ভরা নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম ওরফে ফয়সাল এবং যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান ওরফে জনি রড দিয়ে পিটিয়ে তাঁকে গুরুতর আহত করেন। রডের আঘাতে শামীমের বাঁ হাত ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ওই দিন থেকে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।
শামীমের ছোট ভাই ফয়সাল আহাম্মেদ বলেন, ‘জাহিদুল ও কামরুল তুচ্ছ ঘটনায় আমার ভাইকে পিটিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। শেষমেশ আমার ভাইয়ের চেতনাশক্তি আর ফিরে আসেনি।’
হামলার ঘটনায় গত বৃহস্পতিবার সাভার মডেল থানায় মামলা করা হয়। এজাহারে জাহিদুল, কামরুলসহ অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদুল ২০০৮ সালে সাভারে ছাত্রলীগের কর্মী আবদুল হত্যা মামলার প্রধান আসামি। ওই মামলার বিচার চলছে। তাঁর বিরুদ্ধে পরিবহনে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, শামীমের ওপর ছাত্রলীগের নেতা জাহিদুল ও কামরুলের হামলা চালানোর সত্যতা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েই তাঁদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছিল। শামীমের মৃত্যু হওয়ায় ওই মামলার ধারা সংযোজন করে তা হত্যা মামলা হিসেবে গণ্য করা হবে।
উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত: শামীমের ওপর হামলার ঘটনায় সাভার উপজেলার কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গতকাল ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।