ছাত্রলীগের দুই নেতার পিটুনিতে প্রতিবন্ধী তরুণ হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে টাকা ভরা (রিচার্জ) নিয়ে ঢাকার সাভারে শারীরিক প্রতিবন্ধী এক তরুণকে রড দিয়ে পিটিয়ে তাঁর বাঁ হাত ভেঙে দিয়েছেন ছাত্রলীগের দুই নেতা। গত মঙ্গলবার রাতের ওই ঘটনার পর দুই দিনেও আহত শামীম হোসেন ফকিরের (২৫) চেতন ফেরেনি। বর্তমানে তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন।

হামলার ঘটনায় শামীমের মা বিউটি হোসেন গতকাল বৃহস্পতিবার সাভার মডেল থানায় মামলা করেছেন। এতে সাভার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম ওরফে ফয়সাল ও যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান ওরফে জনিকে আসামি করা হয়েছে।

জাহিদুল ২০০৮ সালে সাভারে আলোচিত ছাত্রলীগের কর্মী আবদুল হত্যা মামলার প্রধান আসামি। ওই মামলার বিচার চলছে।

 মামলার এজাহারে বলা হয়েছে, ঢাকার ধামরাই উপজেলার ফোর্ডনগর গ্রামের ফারুক হোসেন ফকিরের ছেলে শামীম মুঠোফোনে টাকা ভরতে মঙ্গলবার রাত নয়টার দিকে সাভার বাজার সড়কের একটি দোকানে যান। এ সময় আগে টাকা ভরা নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে জাহিদুল ও কামরুল রড দিয়ে শামীমকে পিটিয়ে গুরুতর আহত করেন। রডের আঘাতে শামীমের বাঁ হাত ভেঙে যায় এবং মাথায় প্রচণ্ড আঘাত পান। শামীম অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান।

শামীমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের চিকিৎসক মো. আসাদুল্লাহ। তিনি প্রথম আলোকে বলেন, ‘আঘাতজনিত কারণে শামীমের মাথার ভেতরে রক্তক্ষরণ হয়েছে। এ কারণে তাঁর চেতন ফিরছে না। আঘাতে তাঁর বাঁ হাতও ভেঙে গেছে। তাঁর ভাগ্যে কী আছে বলা যাচ্ছে না।’

শামীমের মা বিউটি হোসেন জানান, তাঁর ছেলে শারীরিক প্রতিবন্ধী। জাহিদসহ কারও সঙ্গেই তাঁর শত্রুতা ছিল না। তুচ্ছ ঘটনার জের ধরে জাহিদ ও কামরুল তাঁকে নির্মমভাবে পিটিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন।

শামীমকে পেটানোর অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগের নেতা জাহিদুল ইসলাম। তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, ‘ঘটনার বিষয়ে আমি ও কামরুল কোনো কিছুই জানি না। ঘটনার সময় আমরা সেখানে উপস্থিতও ছিলাম না। হেয়প্রতিপন্ন করতে উদ্দেশ্যমূলকভাবে আমাদের ফাঁসানো হয়েছে।’

মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান জানান, মুঠোফোনে টাকা ভরা নিয়ে বাগিবতণ্ডার জের ধরে জাহিদ ও কামরুল রাগের বশে শামীমকে পিটিয়ে গুরুতর আহত করেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।