চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আহ্বায়কসহ দুই নেতার বহিষ্কারাদেশ চার মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ওই দুই নেতা হলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আহ্বায়ক ও ফিজিওলজি, বায়োকেমেস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের ফিজিওলজির ছাত্র কমলকান্তি মজুমদার এবং ছাত্রলীগের সদস্য ও অ্যানিমেল জেনিটিক্স অ্যান্ড ব্রিডিং বিভাগের অ্যানিমেল জেনিটিক্সের ছাত্র আবু হাসান।বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গত বুধবার এ আদেশ দেন।গত রোববার দায়ের করা দুটি রিটে আদালত একই সঙ্গে ‘অপরাধ ও বিশৃঙ্খলা’র সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন। এ ব্যাপারে শিক্ষাসচিব, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর ও বিভাগীয় চেয়ারম্যানদের রুলের জবাব দিতে বলা হয়েছে।