ছাত্রলীগের দুই নেতার বিরোধে মহাসড়ক অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের সমর্থকদের বিরোধে গতকাল সোমবার দুপুরে প্রায় আধা ঘণ্টা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অচল হয়ে পড়ে। এতে সড়কের দুপাশে আটকে পড়া যানবাহনের যাত্রীরা ভোগান্তির শিকার হয়।পরে পুলিশ এসে মহাসড়ক অবরোধকারীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নান্দাইল পৌর শহরের চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গতকাল সকালে শহীদ সঞ্চৃতি ডিগ্রি কলেজের মাঠে যায়। এ সময় উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি হাফিজুর রহমানের সমর্থক আবদুস সালাম তাদের কলেজ প্রাঙ্গণ ছাড়তে বলেন। তখন উপজেলা ছাত্রলীগের সভাপতি পদের অপর দাবিদার আবু নাইমের সমর্থক হাফিজুল ইসলাম বিদ্যালয়ের শিক্ষার্থীদের এভাবে তাড়িয়ে দেওয়ার কারণ জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। এ খবরে নাইমের পক্ষের নেতা-কর্মীরা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে টায়ার পুড়িয়ে অবরোধের সৃষ্টি করেন।হাফিজুরের লোকজন নতুন বাজার এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। সড়কের দুপাশের আতঙ্কিত ব্যবসায়ীরা তাঁদের প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেন। মহাসড়কে সৃষ্টি হয় যানজট। পরে নান্দাইল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি স্বাভাবিক করে। থানার ওসি খন্দকার জাহিদুল ইসলাম বলেন, ছাত্রলীগের দুই নেতার হাতাহাতির কারণে মহাসড়কে ২২ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।