ছাত্রলীগের দুই নেতার হাতে সাংবাদিক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিককে লাঞ্ছিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুজন নেতা। গত শনিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দৈনিক মানবজমিন-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রিয়াজুল ইসলাম বটতলার একটি চায়ের দোকানে পায়ের ওপরে পা তুলে বসে ছিলেন। এ কারণে ছাত্রলীগের সহসভাপতি রাসেল মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তাঁকে গালাগালি করে দোকান থেকে ধাক্কা দিয়ে বের করে দেন। ঘটনাটি জানার পর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ওই দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়।

দ্বীপু অভিযোগ করেন, ‘আমি পায়ের ওপর পা তুলে বসে থাকলেও তাঁরা (ছাত্রলীগের দুই নেতা) আমাকে ধমক দিলে পা নামিয়ে ফেলি। তার পরও তাঁরা আমাকে গালাগালি করে ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দেন।’

সহসভাপতি রাসেল বলেন, ‘ও (দ্বীপু) বেয়াদবি করেছে। তাই বড় ভাই হিসেবে একটু শাসন করেছি।’

ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান বলেন, ‘আমার জায়গা থেকে যা করা দরকার, আমি করব।’

প্রক্টর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘আমি ওই সাংবাদিকের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। প্রক্টোরিয়াল বডির সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেব।’