ছাত্রলীগের দুই নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক কে এম নুরুন নবী এবং ছাত্রলীগের কর্মী ও পরিবেশবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শান্ত কুমার নাথ। তাঁরা দুজনেই মওলানা ভাসানী হলের আবসিক ছাত্র।
সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল শেখ জানান, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর কল্যাণপুরের একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২০ আগস্ট দিবাগত রাত সাড়ে চারটার দিকে মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের সভাপতি পক্ষের ওপর হামলা চালান সাধারণ সম্পাদক পক্ষের নেতা-কর্মীরা। এ ঘটনায় ২২ আগস্ট বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্রলীগের ১৬ নেতা-কর্মীকে আসামি করে রাত আটটার দিকে আশুলিয়া থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা মো. সোহেল রানা।