ছাত্রলীগের দুই পক্ষ মুখোমুখি, বিএম কলেজ বন্ধ ঘোষণা
বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক দিন ধরে ছাত্রলীগের দুই পক্ষের মুখোমুখি অবস্থানের প্রেক্ষাপটে কলেজ প্রশাসন ৩ থেকে ১২ মে পর্যন্ত সব ক্লাস স্থগিত ঘোষণা করেছে। গত সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।কলেজ সূত্র জানায়, গত শুক্রবার আধিপত্য বিস্তার ও ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মারামারির ঘটনায় এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে চাঁদাবাজির মামলাও করে। গত শনিবার উভয় পক্ষ ক্যাম্পাসে মহড়া দেয় এবং তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।এর জের ধরে সোমবার সকাল থেকে উভয় পক্ষ বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে অস্ত্রসহ ক্যাম্পাসের দুদিকে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এ অবস্থায় দুপুরে জরুরি বৈঠকে বসে কলেজ কর্তৃপক্ষ।কলেজের অধ্যক্ষ ননী গোপাল দাসের সভাপতিত্বে সভায় কলেজ ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা এড়াতে ৩ মে থেকে ১২ মে পর্যন্ত সব ক্লাস স্থগিত ঘোষণা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের ছাত্রবাস ত্যাগ করারও নির্দেশ দেওয়া হয়। তবে সব পরীক্ষা যথারীতি চলবে।অধ্যক্ষ বলেন, ‘ছাত্রলীগের দুই পক্ষের সশস্ত্র মহড়া ও মুখোমুখী অবস্থানের কারণে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে—এমন আশঙ্কায় জরুরি সভা ডেকে কলেজের সব ক্লাস স্থগিত করা হয়েছে।’কলেজ ছাত্রলীগের একাংশের যুগ্ম আহ্বায়ক মঈন তুষার প্রথম আলোকে বলেন, ‘মহড়া নয়, আমরা কলেজের ছাত্র তাই কলেজ ক্যাম্পাসে তো যাবই। সেখানে মিছিল-সমাবেশ হয়েছে।’ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক জিয়াউর রহমান বলেন, মঈন তুষারেরা কলেজে অগণতান্ত্রিকভাবে ছাত্রকল্যাণ পরিষদ গঠন করতে চায়। এ ব্যাপারে তারা কলেজ শিক্ষকদের ওপরও চড়াও হয়।