ছাত্রলীগের দুই পক্ষে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনার পর নির্ধারিত ছুটির চার দিন আগেই সব ক্লাস স্থগিত করা হয়েছে। এর আগে ২৮ জুন থেকে ৭ আগস্ট পর্যন্ত ঈদের ও বর্ষাকালীন ছুটি ঘোষণা করা হয়৷
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির মানবসম্পদবিষয়ক সম্পাদক এস এম আলাউদ্দিনের নেতৃত্বে তাঁর অনুসারীরা বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটক এলাকা দিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা চালান। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়৷ পরে পুলিশ ওই এলাকার একটি বাসভবনের সিঁড়ির নিচ থেকে একটি এলজি, রড ও হকিস্টিক উদ্ধার করে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলাকালে ক্যাম্পাসের ২ নম্বর ফটক এলাকার একটি বাসভবনের সিঁড়ির নিচ থেকে একটি এলজি উদ্ধার করা হয়।
সূত্র জানায়, দুপুর ১২টার দিকে ছাত্রলীগের একই পক্ষ কেন্দ্রীয় খেলার মাঠ ও আইন অনুষদ এলাকায় স্লোগান দিতে থাকে। এ সময় ছাত্রলীগের আরেক পক্ষ ক্যাম্পাসের মূল ফটক, কাটা পাহাড় ও প্রশাসনিক ভবন এলাকায় অবস্থান নেয়৷ এরপর এস এম আলাউদ্দিনের নেতৃত্বে ছাত্রলীগের একদল কর্মী দাবি-দাওয়া জানাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আসেন। এ সময় ছাত্রলীগের অন্য পক্ষ উপাচার্যের সভাকক্ষের বাইরে এসে হট্টগোল করে। পরে পুলিশ পাহারায় আলাউদ্দিন তাঁর অনুসারীদের নিয়ে উপাচার্যের সভাকক্ষ ত্যাগ করেন।
এস এম আলাউদ্দিন বলেন, ‘ক্যাম্পাস সবার। যাঁরা ছাত্রলীগের নাম ভাঙিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার গলায় জুতার মালা পরান, মুরিগ চুরি করেন—তাঁরা বীরদর্পে আসতে পারবেন৷ আমরা আসতে পারব না কেন?’
অন্য পক্ষের নেতা সদ্য বিলুপ্ত কমিটির দপ্তর সম্পাদক জালাল আহমেদ বলেন, ‘শিবিরের সঙ্গে অঁাতাতকারী বহিরাগত সন্ত্রাসীরা ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে আমরা তাঁদের প্রতিহত করি।’
এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে জরুরি সভায় ২৮ জুনের পরিবর্তে ২৪ জুন থেকে ৭ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ছুটির তারিখ এগিয়ে আনা হয়েছে।’
তবে নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসন সূত্র বলেছে, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।