চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় ৯৭ কোটি টাকার দুটি নির্মাণকাজের দরপত্র নিয়ে বাগ্বিতণ্ডার জের ধরে শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ভিএক্স পক্ষের তিনজনকে মারধর করেছে একাকার ও সিক্সটি নাইন পক্ষ। গতকাল বুধবার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। বগিভিত্তিক তিনটি সংগঠনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
আহত ছাত্ররা হলেন ভিএক্স পক্ষের নেতা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক মিজানুর রহমান, পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান ও উদ্ভিদবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানজীব আহমেদ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দরপত্র জমা।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক টিপু সুলতান প্রথম আলোকে বলেন, ‘মেহেদী ও তানজীব নামের দুই শিক্ষার্থীকে আমরা চিকিৎসা দিয়েছি। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।’
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কলা অনুষদের দ্বিতীয় পর্যায়ের ও জননেত্রী শেখ হাসিনা হলের দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাজের দরপত্র নিয়ে ছাত্রলীগের ভিএক্স পক্ষ গত সোমবার থেকে অবরোধের ডাক দেয়। এ নিয়ে কলা অনুষদের ঝুপড়িতে অবরোধবিরোধীদের সঙ্গে অবরোধের পক্ষের ছাত্রদের বাগ্বিতণ্ডা হয়। এ খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে ভিএক্স পক্ষের কর্মী মেহেদী হাসানের ওপর হামলা চালান একাকার ও সিক্সটি নাইন পক্ষের নেতা-কর্মীরা। মেহেদীকে রক্ষা করতে গেলে মিজানুরকেও মারধর করা হয়। পরে একাকার পক্ষের নেতা-কর্মীরা তানজীবকে মারধর করেন। এ সময় একাকার পক্ষ ভিএক্স পক্ষের সাতটি কক্ষে ভাঙচুর করে।
ভিএক্স পক্ষের নেতা ও ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কোনো কারণ ছাড়াই আমাদের কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় সভাপতি আলমগীর টিপুর অনুসারী সিক্সটি নাইনের নেতা-কর্মীরা। তাদের সঙ্গে যোগ দেয় একাকারের ছেলেরাও। আমি তাদের বাধা দিতে গেলে আমার সঙ্গেও দুর্ব্যবহার করে তারা। আমাদের কর্মীদের সাতটি কক্ষ ভাঙচুর করেছে তারা।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সভাপতি আলমগীর টিপু প্রথম আলোকে বলেন, ‘জুনিয়র কর্মীদের মধ্যে একটু ভুল-বোঝাবুঝি হয়েছে। সবাইকে নিয়ে আমরা বিষয়টি সমাধান করেছি।’
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের বিবদমান পক্ষগুলোর মধ্যে শাহজালাল হলে হাতাহাতি হয়েছে। তারা নিজেরা বিষয়টি মিটমাট করে ফেলেছে।