ছাত্রলীগের দুই পক্ষে ধাওয়া, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে পুরোনো গাড়ির দরপত্র নিয়ে গতকাল রোববার ছাত্রলীগের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার সিপাহীপাড়ায় পল্লী বিদ্যুৎ সমিতির জেলা কার্যালয়ের তিনটি পিকআপ ভ্যান ও সাতটি মোটরসাইকেল বিক্রির জন্য সম্প্রতি দরপত্র আহ্বান করা হয়। দরপত্র পাওয়া নিয়ে রামপাল ইউনিয়ন ছাত্রলীগ ও রামপাল কলেজ শাখা ছাত্রলীগের মধ্যে বিরোধ দেখা দেয়। গতকাল ছিল দরপত্র জমাদানের শেষ দিন। সকাল ১০টার দিকে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই কার্যালয়ের কাচের জানালাসহ কয়েকটি ফুলের টব ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ব্যাপারে সমিতির জেলা মহাব্যবস্থাপক মো. মাহাবুবুর রহমান বলেন, ‘দরপত্র জমা দেওয়া নিয়ে কার্যালয়ের বাইরে একটু সমস্যা হয়েছিল। পুলিশ এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে লোকজন শান্তিপূর্ণভাবে দরপত্র জমা দেয়।’সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কার্যালয় থেকে হটিয়ে দেয়। পরে ঠিকমতোই দরপত্র নেওয়া হয়।এ ব্যাপারে রামপাল ইউনিয়ন ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান বলেন, ‘শুধু পল্লী বিদ্যুৎ সমিতির দরপত্র কেন, যেকোনো ধরনের টেন্ডারবাজির সঙ্গে ছাত্রলীগের কোনো নেতা-কর্মীর জড়িত থাকার প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’