ছাত্রলীগের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া, অবরোধ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার উপজেলার খালেকের বাজারে এ ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়ন ছাত্রলীগ সূত্রে জানা গেছে, গতকাল সকালে উপজেলা ছাত্রলীগ কুশলী ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করে। এতে সভাপতি পদে বঙ্গবন্ধু কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী তরিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে আরিফুল ইসলামের নাম ঘোষণা করা হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে একই কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র পারভেজের সমর্থকেরা খালেকের বাজারে বিক্ষোভ মিছিল করেন। পরে শরিফুল ইসলামের সমর্থকদের সঙ্গে পারভেজের সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পারভেজের সমর্থকেরা দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ও টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সভাপতি প্রার্থী পারভেজ জানান, এখানে ছাত্রলীগের গঠনতন্ত্র না মেনে স্বজনপ্রীতির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না করে মাত্র তিনজনের নাম ঘোষণা করা হয়েছে। যাঁকে নিয়মবহির্ভূতভাবে সভাপতি ঘোষণা করা হয়েছে, তিনি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. আজাদের ছেলে। উপজেলা ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান জানান, কম সময়ে অনেকগুলো ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। তাই কুশলী ইউনিয়নের আংশিক কমিটি গঠন করা হয়েছে। পরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এখানে কোনো স্বজনপ্রীতির ঘটনা ঘটেনি।