আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের মিরসরাই ডিগ্রি কলেজে আবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ায় কমপক্ষে আটজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর জরুরি সভায় বহিরাগতদের প্রবেশাধিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কলেজ প্রশাসন।প্রত্যক্ষদর্শী ছাত্রদের সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংসদ মোশাররফ হোসেন ও উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের পক্ষের সমর্থকদের মধ্যে বিবাদ বেধে যায়। একপর্যায়ে সাংসদের পক্ষের সভাপতি মেহেদী হাসানের নেতৃত্বে তাঁর সমর্থকেরা ও উপজেলা চেয়ারম্যানের পক্ষের সভাপতি আবেদ আহমঞ্চদের নেতৃত্বে তাঁর সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। এরপর দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে সাংসদের পক্ষের মিরসরাই পৌর ছাত্রলীগের সভাপতি আল ফায়হাত, উপজেলা ছাত্রলীগের সদস্য সাইদুজ্জামান, কলেজশিক্ষার্থী মো. এরফান এবং উপজেলা চেয়ারম্যানের পক্ষের পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ কমপক্ষে আরও চারজন আহত হয়।মিরসরাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহামঞ্চদ শরীফ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ শুরু হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ এম এ কে ভূঁইয়া জানান, কলেজ কর্তৃপক্ষ ও দুই পক্ষের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সমন্বয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। কলেজের পরিচয়পত্র ও নির্দিষ্ট পোশাক ছাড়া বহিরাগতদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দীর্ঘদিন ধরে মিরসরাই কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাংসদ মোশাররফ হোসেনের পক্ষের সঙ্গে উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের সংঘর্ষ চলে আসছিল। সাংসদের পক্ষের নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান ও সাইদুজ্জামান। অন্যদিকে উপজেলা চেয়ারম্যানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন আবেদ আহমঞ্চদ ও মো. জহির।