নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নামধারী বিবদমান দুটি পক্ষের মধ্যে গত রোববার ভাঙচুরের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে উপাচার্য বরাবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল সোমবার দুপুরে উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও প্রাশাসনিক কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেন। কমিটির আহ্বায়ক করা হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেনকে। অপর দুই সদস্য হলেন পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. মহিনুজ্জামান ও ফার্মেসি বিভাগের শিক্ষক জামি উদ্দিন।এর আগে গত রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগ নামধারী বিবদমান দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা, সংঘর্ষ ও ছাত্র হলে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সব ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন ছাত্র আহত হন। প্রক্টর জাহাঙ্গীর সরকার ছাত্রলীগ নামধারী দুই পক্ষের হামলা-ভাঙচুরের ঘটনা নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ। এর পরও রাজনীতির নাম ভাঙিয়ে যারা অশান্তি সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’