ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে বিজয়ী শিক্ষকদের ফুল দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে ছয়জন আহত হন। আহত ব্যক্তিদের সাভার ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন হয়। নির্বাচনের ফল প্রকাশের পর রাত ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের এক পক্ষের নেতা এস এম শামীম তাঁর কর্মীদের নিয়ে নির্বাচিত শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে হলে ফেরেন। পরে একই হলের ছাত্রলীগের অন্য পক্ষের নেতা সামিউল বাশির তাঁর কর্মীদের নিয়ে নির্বাচিত শিক্ষকদের শুভেচ্ছা জানাতে যান। ফেরার পর আলাদাভাবে ফুল দেওয়াকে কেন্দ্র করে হলের অতিথি আপ্যায়ন কক্ষে শামীমের পক্ষের মো. শরীফ, তপদেব বিশ্বাস ও নাজমুস সাকিবের সঙ্গে সামিউল ও তাঁর পক্ষের কর্মীদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শামীম সেখানে উপস্থিত হলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুপক্ষের নেতা-কর্মীরা রড, লোহার পাইপ ও ধারালো অস্ত্র ব্যবহার করেন। সংঘর্ষে শামীম, শরীফ, তপদেব, সাকিব, সামিউল ও নাজমুল আহত হয়েছেন। প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাঁরা হলের একটি কক্ষ তল্লাশি করে রড, লোহার পাইপ ও ধারালো অস্ত্র উদ্ধার করেন।এক পক্ষের নেতা সামিউল বাশির বলেন, আলাদাভাবে শিক্ষকদের শুভেচ্ছা জানানোর ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে। বিভিন্ন সময় শামীম তাঁকে রাজনীতি থেকে সরে যাওয়ার হুমকি দিয়ে আসছিলেন বলে তিনি দাবি করেন।অন্য পক্ষের নেতা এস এম শামীম অভিযোগ করে বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে অন্য পক্ষের নেতা-কর্মীরা উদ্দেশ্যমূলকভাবে আমাদের মারধর করেছেন।’ প্রক্টর অধ্যাপক আরজু মিয়া বলেন, হলের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আ ফ ম কামাল উদ্দিন হলের ছাত্রলীগের কর্মী নির্ঝর আলম অভিযোগ করেছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। এ ব্যাপারে তিনি আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।