ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধসহ আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে গতকাল মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দুজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জগন্নাথ হলের সাধারণ ছাত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে হলে ছাত্রলীগের সাবেক নেতা পার্থপ্রতিম আচার্যের স্মরণে প্রার্থনা সভার আয়োজন করে হল শাখা ছাত্রলীগ। রাত ১০টার দিকে সভাস্থল থেকে চলে যাচ্ছিলেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব বিশ্বাসের পক্ষের কর্মী শিমুলসহ কয়েকজন। এ সময় হল শাখার সভাপতি সুপ্রিয় কুণ্ড রাজেশের পক্ষের কয়েকজন জ্যেষ্ঠ কর্মী তাঁদের বসতে বললে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে সাধারণ সম্পাদকের পক্ষের নেতা-কর্মীরা পাশের সন্তোষ চন্দ্র ভবনে গিয়ে অবস্থান নেন। পরে ওই ভবনের চতুর্থতলা থেকে সভাপতি পক্ষের নেতা-কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। অন্তত ১৩-১৫টি গুলি হয় এবং তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র শুভ সরকার ও হলের ক্যানটিন বয় রাজীব চন্দ্র দাশ গুলিবিদ্ধ এবং অপর চারজন আহত হন। রাত ১২টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।সভাপতি রাজেশ অভিযোগ করে বলেন, ‘সাধারণ সম্পাদকের পক্ষের কর্মীরা আমার পক্ষের কর্মীদের ওপর গুলি চালান ও ককটেল নিক্ষেপ করেন।’ তবে সজীব অভিযোগ অস্বীকার করে বলেন, কারা গুলি করেছে তা তিনি জানেন না। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি দুঃখজনক। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।