ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ের নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অধ্যক্ষ রফিক উদ্দিনকে কুপিয়ে আহত করেছেন ছাত্রলীগের কর্মীরা।
গতকাল সোমবার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে কলেজ অধ্যক্ষ ছাড়াও উভয় পক্ষের কমপক্ষে ১০ কর্মী আহত হয়েছেন বলে তাঁরা দাবি করেছেন। আহত অধ্যক্ষ রফিক উদ্দিন ও ছাত্রলীগ কর্মী নিপুল শর্মাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা ছাত্রলীগের একাংশের আহ্বায়ক আবদুল আউয়াল জানান, গতকাল সকালে কলেজে ছাত্রলীগের শাহেদ পক্ষের কর্মী সাকিব, আশিক, রুপমসহ ২০-২৫ জনের একটি দল তাদের কর্মী নিপুল শর্মাকে কুপিয়ে আহত করে। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে নাঈম, আসিফ, টুটুলসহ কয়েকজনের ওপর তারা হামলা করে। ক্যাম্পাসে হামলার ঘটনায় বাধা দিলে তারা অধ্যক্ষ রফিক উদ্দীনকে কুপিয়ে আহত করে এবং আরও দুই শিক্ষককে লাঞ্ছিত করে।
চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসারত আহত অধ্যক্ষ রফিক উদ্দিন মুঠোফোনে জানান, ক্যাম্পাসের বাইরে ছেলেরা মারামারি করছিল বিধায় কলেজগেটে তালা লাগিয়ে দেওয়া হয়। কিন্তু স্থানীয় শাহেদ পক্ষের ছেলেরা দা, ছুরিসহ অস্ত্রশস্ত্র নিয়ে তালা ভেঙে ক্যাম্পাসে ঢুকে কলেজের সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া করে। এ সময় বাধা দেওয়ায় তারা আমাকে কুপিয়ে আহত করে। তিনি জানান, কলেজে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করায় শাহেদকে একবার কলেজ থেকে বহিষ্কার করা হয়েছিল।
মন্ত্রী-সমর্থিত পক্ষের শাহেদ চৌধুরী বলেন, অধ্যক্ষকে কুপিয়ে আহত করার প্রশ্নই আসে না। গিয়াসপক্ষের ছেলেরা আমাদের ছেলেদের ওপরে হামলা করেছে। এ সময় সাকিব, রুপম আশিকসহ পাঁচজন আহত হয়।