ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে গতকাল মঙ্গলবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। হল কমিটির পদ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের হল সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের মধ্যে ভোররাত সাড়ে তিনটা থেকে সকাল নয়টা পর্যন্ত কয়েক দফায় এ সংঘর্ষ হয়।সংঘর্ষে উভয় পক্ষই চাপাতি, রামদা, হকিস্টিক ও রড ব্যবহার করে। এ সময় সাত থেকে আটটি ফাঁকা গুলিও করা হয়। পুলিশ দুজনকে আটক করেছে। এ ঘটনায় ছাত্রলীগের হল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শাও নোটিশ এবং পাঁচ কর্মী আরাবি, রাজন, অপু, মহিদুল ও পারভেজকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।হলের প্রাধ্যক্ষ আলী আক্কাস প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের হল কমিটি বর্ধিত করা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।