ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, গাড়িভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে গতকাল মঙ্গলবার ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা সড়কে নেমে কয়েকটি গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করেন। নবীনবরণ নিয়ে ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ হয় বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ আবু সায়েম ও মো. তারেক নামের দুজনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কলেজে নবীনবরণ অনুষ্ঠান নিয়ে গত সোমবার রাতে ছাত্রলীগের মো. আবদুল্লাহ আল রুবেল ও হেলালের পক্ষের মধ্যে রাতে বাগিবতণ্ডা হয়। এ সময় এক কর্মীকে মারধর করা হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে গতকাল বিকেলের দিকে আবার দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হেলালের সমর্থকেরা রুবেলকে কুপিয়ে আহত করেন। এর পরই দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের একপর্যায়ে দুই পক্ষের নেতা-কর্মীরা লাঠিসোঁটা, কিরিচ, রডসহ ধারালো অস্ত্র নিয়ে বায়েজিদ বোস্তামীর মূল সড়কে অবস্থান নেন। এ সময় দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এক পক্ষ অন্য পক্ষের নেতা-কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তাঁরা রাস্তায় টায়ার ও বাঁশ এনে আগুন ধরিয়ে দেন। এ সময় দুই পক্ষের কর্মীরা কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ থামার পর ছাত্রলীগের একটি পক্ষ বায়েজিদ বোস্তামীর প্রধান সড়কে অবস্থান নিয়ে রুবেলের ওপর হামলার প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। পুলিশ এসে হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে তাঁদের সরানোর চেষ্টা করে। কিন্তু তাঁরা সড়ক ছাড়তে অস্বীকৃতি জানান।

বায়েজিদ থানার উপপরিদর্শক অর্ণব বড়ুয়া বলেন, ছাত্রলীগের নেতা রুবেলের ওপর হামলার ঘটনার জের ধরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে রুবেলের সমর্থকেরা সড়ক অবরোধ করেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।