পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ছাত্রলীগের দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষে ১০ জন ছাত্র আহত হয়েছেন। প্রভাব বিস্তার নিয়ে গত শনিবার রাত ১০টা থেকে গতকাল রোববার ভোর পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের মধ্যে বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্র লিমন ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ছাত্র আজাদকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পূর্ণেন্দু বিশ্বাস জানান, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ক্যাম্পাসে সব ধরনের মিছিল, সমাবেশ, অবরোধ, মানববন্ধন ও জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শনিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের এম কেরামত আলী ছাত্রাবাস থেকে আতাউর-সাইফুল-সোহাগের নেতৃত্বে ছাত্রলীগের এক পক্ষ এবং শেরেবাংলা ছাত্রাবাস থেকে শুভ-অভিষেক-আনিসুলের নেতৃত্বে আরেক পক্ষ হরতালবিরোধী মিছিল বের করে। এ সময় আধিপত্য বিস্তার ঘিরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে আতাউর-সাইফুল-সোহাগ পক্ষের সমর্থকেরা শেরেবাংলা ছাত্রাবাসে অবস্থান নেয়। অপর পক্ষ অবস্থান নেয় ছাত্রাবাসের বাইরে। রাতভর দুই পক্ষের মধ্যে ইটপাটকেল, কাচের বোতল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ের সদস্যরা ভোররাতের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আতাউর-সাইফুল-সোহাগ পক্ষের সাইফুল জানান, তাঁরা ক্যাম্পাসে হরতালবিরোধী মিছিল বের করেন। কিন্তু ছাত্রলীগ নামধারী কয়েকজন শিবির ও বিএনপির কর্মীদের সঙ্গে নিয়ে তাঁদের ওপর হামলা করে।তবে অপর পক্ষ বলেছে, সুবিধাবাদীরা নিজেদের ছাত্রলীগ দাবি করে তাঁদের ওপর হামলা চালিয়েছে।দুমকী থানার ওসি জি এম শাহ নেওয়াজ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ক্যাম্পাসে দাঙ্গা পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।