ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ইফতার আয়োজনের টাকা আদায় নিয়ে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিশ্ববিদ্যালয়ের কৃষিব্যবসায় ব্যবস্থাপনা অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ইফতার আয়োজন করতে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছিল। এ নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দেবাশীষের সমর্থক কর্মীদের সঙ্গে অরুণের সমর্থক কর্মীদের বাগিবতণ্ডা হয়। দুপুর দেড়টার দিকে দেবাশীষের সমর্থক ৮-১০ জন কর্মী অরুণের সমর্থক এক কর্মীকে মারধর করেন। এর জের ধরে বেলা সাড়ে তিনটার দিকে অরুণের সমর্থক কর্মীরা রড-হকিস্টিক নিয়ে দেবাশীষের সমর্থক কর্মীদের ওপর হামলা চালান। এতে দেবাশীষের সমর্থক ১০ জন আহত হন।খবর পেয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ ক্যাম্পাসে যায়। থানার উপপরিদর্শক (এসআই) নেজামুল হক বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের কারণ জানা যায়নি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও শিক্ষক সমিতির সভাপতি অলোক কুমার পাল সাংবাদিকদের বলেন, দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।