ছাত্রলীগের দুই পক্ষে হামলা মারধর, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার দুপুরে ছাত্রলীগ-সমর্থিত ছাত্রদের দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টাহামলার ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরে পুলিশ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক এবং দুটি চাপাতি ও সাতটি রামদা উদ্ধার করে।ক্যাম্পাস সূত্র জানায়, পূর্বশত্রুতার জের ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ-সমর্থিত সিএফসি (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) এবং ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। রামদা, ছুরি, লাঠি নিয়ে এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা চালায়।আহত ব্যক্তিদের মধ্যে অমি চক্রবর্তী নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য চারজন বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নেন। তাঁরা হলেন আবু সাঈদ, হোসেন ফরায়জি মো. ইমরান ও নাদিম।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আকতার হোসেন প্রথম আলোকে বলেন, দুপুরে ছাত্রদের দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে ছাত্রলীগ-সমর্থিত ভিএক্স পক্ষের কর্মীরা অতর্কিত সিএফসি পক্ষের সদস্য অমি চক্রবর্তীকে ছুরিকাঘাত করেন। তাঁর ওপর হামলার খবর পেয়ে সিএসফির কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত হলের সামনে জড়ো হন। পৌনে তিনটার দিকে তাঁরা হলে ও হলের বাইরে থাকা ভিএক্স পক্ষের কর্মীদের মারধর করেন। এ সময় ভিএক্স পক্ষের চারজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ছাত্রলীগের উপ-কোষাধ্যক্ষ মহসিন করিম বলেন, একটি চক্র ক্যাম্পাস-পরিস্থিতি অস্থিতিশীল করতে উদ্দেশ্যমূলকভাবে এ ঘটনা ঘটিয়েছে। বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত মিজানুর রহমান বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়েছে। কিছু রামদা, চাপাতি, ছুরি ও লাঠিসোঠা উদ্ধার করা হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।