পূর্বশত্রুতার জের ধরে ছাত্রলীগের সভাপতিপক্ষের দুই কর্মীকে মারধর করেছেন সাধারণ সম্পাদকপক্ষের কর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টায় ছাত্রলীগের সভাপতিপক্ষের কর্মী মিজান রহমান ও মো. মুহিবুর রহমান ক্লাস শেষ করে কলা অনুষদ চত্বরে আসেন। এ সময় মাসুদ রানা, মিশন, মনির, রাসেলসহ ছাত্রলীগের সাধারণ সম্পাদকপক্ষের কয়েকজন কর্মী তাঁদের ওপর হামলা চালান। খবর পেয়ে প্রক্টর ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতাদের সহায়তায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে পাঠান। ছাত্রলীগের আহত দুই কর্মী ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান গতকালের ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ উল্লেখ করে বলেন, ‘ছাত্রলীগের মধ্যে কোনো গ্রুপিং নেই। ক্যাম্পাসে কোনো রকম বিশৃঙ্খলা সহ্য করা হবে না। দায়ীদের অবশ্যই শাস্তি পেতে হবে।’প্রক্টর কাজী আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘অনুসন্ধান করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’