রংপুর কারমাইকেল কলেজে গত মঙ্গলবার ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ১০ ছাত্র আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কলেজে ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে জাকারিয়া মাহবুব ও হারুন-অর-রশিদ এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ রয়েছে, জাকারিয়া মাহবুব পক্ষ তাদের কমিটিকে জোর করে অনুমোদন করিয়ে নেওয়ার জন্য জেলা ছাত্রলীগের সভাপতি তাপস ঘোষকে গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের মডার্ন মোড়ে ডেকে নিয়ে যায়। পরে তাঁকে আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে সভাপতি তাপসকে সেখান থেকে উদ্ধার করে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুরের দিকে কলেজে বিবদমান দুটি পক্ষ বিক্ষোভ মিছিল বের করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন ছাত্র আহত হন। আহতেরা হলেন দেবাশীষ, শাহ আলম, বিপ্লব, রিপন, সিরাজুল, জাভেদ, রুবেল, শামীম ও রাফি। আহত অন্য একজনের নাম পাওয়া যায়নি। জাকারিয়া মাহবুব জানান, কমিটি করা নিয়ে পরামর্শ নিতে জেলা কমিটির সভাপতি তাপস ঘোষকে শহরের মডার্ন মোড়ে ডাকা হয়েছিল। হারুন-অর-রশিদ বলেন, সম্পূর্ণ অগণতান্ত্রিক পন্থায় একটি পক্ষ কলেজের কমিটি গঠন করতে চায়। আর এ নিয়েই কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাত্রলীগ জেলা কমিটির সভাপতি তাপস ঘোষ শহরের মডার্ন মোড়ে যাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘কিছু অছাত্রদের দিয়ে কমিটি করার কথা বলা হলে আমি সায় দিইনি।’ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা ছাত্রলীগের সভাপতিকে মডার্ন মোড় থেকে উদ্ধার করার সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।