ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গতকাল বুধবার দুপুরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সদ্যঘোষিত কমিটিতে পদ না পাওয়ায় বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে৷
উপজেলা ছাত্রলীগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিল্লাল হোসেনকে সভাপতি ও রাসেল দেওয়ানকে সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই ছাত্রলীগের একাংশের নেতা নোমান মণ্ডল ও আনিছ আকন্দ এ কমিটিকে মেনে নেননি।
গত মঙ্গলবার রাতে নোমান ও আনিছের পক্ষের নেতা-কর্মীরা মিছিল নিয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ঘেরাও করেন। তাঁরা বিল্লাল হোসেনের পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেন এবং বিল্লালকে অবাঞ্ছিত ঘোষণা করেন। গতকাল বেলা আড়াইটার দিকে হালুয়াঘাট বাসস্ট্যান্ড এলাকায় বিল্লালের সমর্থকদের সঙ্গে নোমান ও আনিছের কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত দুই পক্ষের সমর্থকেরা ধারা বাজার এলাকার দুটি স্থানে সড়ক অবরোধ করে রাখেন।
হালুয়াঘাট থানার ওসি জাকিউর রহমান বলেন, ছাত্রলীগের কর্মীদের বাধার কারণে কিছুক্ষণ সড়কে যান চলাচল বন্ধ ছিল।