ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, এসআই আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীদের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে একজন উপপরিদর্শকের (এসআই) ওপর হামলা চালানো হয়। গতকাল রোববার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা তালাইমারীতে এ ঘটনা ঘটে। জড়িত অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও মতিহার থানা সূত্রে জানা যায়, বিকেল সোয়া তিনটার দিকে ছাত্রলীগের কর্মী আশিস, তাকিমসহ কয়েকজন তালাইমারী এলাকার একটি হোটেলে খেতে যান। খবর পেয়ে সবুজ ও তাঁর সমর্থকেরা সেখানে গিয়ে তাঁদের ধাওয়া করেন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে আশিস, তাকিমের পক্ষ হোটেলের ভেতরে আশ্রয় নেয়। খবর পেয়ে মতিহার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে সবুজ দলবল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশ হোটেলের ভেতরে ঢুকে আশিস, তাকিমসহ অন্যদের আটকের চেষ্টা করলে তাঁরা এসআই আরিফুজ্জামানের ওপর হামলা চালান। পুলিশ সেখান থেকে আশিস, তাকিম, আবু সালেহ ও জুয়েলকে আটক করে। এর আগে বেলা একটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী সবুজ ক্যাম্পাসের টুকিটাকি চত্বরে চা খাচ্ছিলেন। সবুজ জানান, কোনো কারণ ছাড়াই ক্যাম্পাসে তাঁকে মারধর করা হয়েছে। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার পর সবুজের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির যুগ্ম সম্পাদক আবু হোসাইন মুঠোফোনে জানান, তিনি ঢাকায় আছেন। এ ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা নেই।ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারী সবার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, পুলিশের ওপর হামলা এবং ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসআই আরিফুজ্জামানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।