ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের কর্মীদের মধ্যে সশস্ত্র ধাওয়া-পাল্টাধাওয়া ও এক কর্মীকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। গত বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলে এসব ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট হল সূত্রে জানা গেছে, জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের কর্মী মাহাদীর সঙ্গে তাঁর দুই বন্ধু ফয়সাল তালুকদার ও মনোয়ার হোসাইন রাতে হলে দেখা করতে আসেন। ফয়সাল ও মনোয়ার উভয়েই রাজশাহী নগরের নওদাপাড়ার ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী। বন্ধুর সঙ্গে দেখা-সাক্ষাতের একপর্যায়ে ফয়সাল ও মনোয়ার তাঁদের গবেষণার জন্য ওই হলের পত্রিকা কক্ষে গিয়ে পত্রিকা কাটতে থাকেন। এ সময় ছাত্রলীগের কর্মী ফিরোজ, ইমরান, সুমনসহ ১০-১২ জন কর্মী ওই দুজনকে ছাত্রশিবিরের কর্মী সন্দেহে পেটাতে থাকেন। খবর পেয়ে ছাত্রলীগের কর্মী মাহাদী, আলামিন, ডেবিড, রানাসহ আরও কয়েকজন ফয়সাল ও মনোয়ারকে তাঁদের বন্ধু দাবি করে উদ্ধার করতে আসেন। এ সময় উভয় পক্ষের কর্মীরা একে অপরের ওপর চড়াও হন। একপর্যায়ে ছাত্রলীগের এক পক্ষের কর্মীরা অপর পক্ষের কর্মী মাহাদীকে ওই হলের ১৩১ নম্বর কক্ষে আটকে রাখেন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের কর্মীরা রাম দা, হকিস্টিক, হাতুড়ি, লোহার রডসহ বিভিন্ন অস্ত্র নিয়ে হল অভ্যন্তরে মহড়া দেন। এ সময় হলের সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হুসাইন ও সহসভাপতি ইলিয়াস হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাহাদীকে উদ্ধার করেন এবং বিষয়টি মীমাংসা করে দেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আহম্মাদ আলী ও সাধারণ সম্পাদক আবু হুসাইন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংগঠনের কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। পরে সবাইকে নিয়ে তা মীমাংসা করে দেওয়া হয়েছে।