চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একপক্ষের ওপর অপর পক্ষের হামলার ঘটনার তদন্তে গঠিত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে সংঘর্ষ এড়াতে সাতটি সুপারিশ করা হয়েছে। আগামী সিন্ডিকেট বৈঠকে সুপারিশগুলো নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিনের কাছে এ প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান ও রসায়ন বিজ্ঞান বিভাগের শিক্ষক মনির উদ্দিন। নির্ধারিত সময়ের ১৫ দিন পর কমিটি এ প্রতিবেদন জমা দেয়।এ বিষয়ে কমিটির প্রধান মনির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম ১১ দিন স্থগিত থাকায় আমরা নির্দিষ্ট সময়ের দুই সপ্তাহ পর প্রতিবেদন জমা দিয়েছি।’তদন্ত কমিটির সদস্য-সচিব ও সহকারী প্রক্টর আলী হায়দার প্রথম আলোকে বলেন, ভবিষ্যতে ছাত্র সংঘর্ষের মতো ঘটনা এড়াতে প্রতিবেদনে সাতটি সুপারিশ করা হয়েছে। তবে সিন্ডিকেটের পরবর্তী বৈঠকের আগে এ বিষযে বিস্তারিত কিছু বলা যাবে না। কারণ, বৈঠকে প্রতিবেদনটি উপস্থাপন করা হবে।গত ৩০ এপ্রিল চট্টগ্রাম সেনানিবাস রেলস্টেশনে ছাত্রলীগের একপক্ষের ওপর অপর পক্ষের হামলায় তিনজন কর্মী আহত হন। ওই হামলার ঘটনা তদন্তে ১ মে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় মনির উদ্দিনকে প্রধান করে চার সদস্যর একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।