ছাত্রলীগের দুই পক্ষের মারামারি, আহত ২
নোয়াখালী শহরের কৃষ্ণরামপুর এলাকায় গত বুধবার রাতে ছাত্রলীগের সমর্থক দুই পক্ষের মধ্যে মারামারি ও পাল্টাপাল্টি হামলা-ধাওয়া হয়েছে। এ সময় কয়েকটি দোকানে হামলা, ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় রুবেল হোসেন (২৪) ও মামুন (২৩) নামে দুই কর্মী আহত হয়েছেন। তাঁদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও হাউজিং এলাকার একটি জায়গার মালিকানাসংক্রান্ত পূর্ব বিরোধ নিয়ে কৃষ্ণরামপুরের সোহাগ ও মধুপুরের সুলতানের মধ্যে কিছু দিন ধরে বিরোধ চলছে। তাঁরা দুজনই আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। পূর্বের বিরোধের জের ধরে বুধবার রাত নয়টার দিকে দুই পক্ষের লোকজন কৃষ্ণরামপুর ও হাউজিংয়ের রাস্তার মাথায় পাল্টাপাল্টি হামলা ও ধাওয়ায় লিপ্ত হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি ধাওয়া চলাকালে ওই এলাকার সাত-আটটি দোকানপাটে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় সুলতানের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং আরেকটি মোটরসাইকেল ভাঙচুর করে প্রতিপক্ষ। এ ছাড়া দুই পক্ষের একে অপরকে লক্ষ্য করে নিক্ষেপ করা ইটের আঘাতে আশপাশের কয়েকটি বাসার জানালার কাঁচ ভেঙে যায়। খবর পেয়ে সুধারাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে ধাওয়া ও লাঠিপেটা করে রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তার ও একটি জায়গার মালিকানা নিয়ে ছাত্রলীগের সুলতান ও সোহাগের মধ্যে বিরোধের জের ধরে উভয়পক্ষ মারামারিতে লিপ্ত হয়। আমরা গিয়ে দুই পক্ষকে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তবে, ঘটনার বিষয়ে কোনো পক্ষই থানায় মামলা করেনি।’