ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ হয়।
জানা গেছে, মুর্শেদুজ্জামানের সমর্থক আশরাফুল হক হলের অন্তর চৌধুরী বৃহস্পতিবার রাত নয়টার দিকে ক্যাম্পাসের জব্বার মোড়ে খেতে যান। এ সময় সাইফুলের সমর্থক বঙ্গবন্ধু হলের অলি ও আল-আমিনের নেতৃত্বে ১০-১৫ জন অন্তরকে হোটেল থেকে বের করে লাঠি ও হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করেন। অন্তরকে পেটানোর খবরে আশরাফুল হক হলের সভাপতির সমর্থক নেতা-কর্মীরা সম্পাদক পক্ষের নেতা-কর্মীদের ধাওয়া করেন। এ ছাড়া জব্বার মোড় এলাকায় দুই পক্ষের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তিনটি গুলির শব্দ শোনা যায়।
একপর্যায়ে সভাপতি পক্ষের নেতা-কর্মীরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ভাঙচুর চালান। তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করে ১৮টি কক্ষের জানালার কাচ ভাঙচুর করেন। এতে পাঁচজন আহত হন।