ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্র নিয়ে মহড়া ও দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতির পক্ষ-নিয়ন্ত্রিত বঙ্গবন্ধু হলের কিছু নেতা-কর্মীর সঙ্গে গত বুধবার সন্ধ্যায় সাধারণ সম্পাদকের পক্ষ-নিয়ন্ত্রিত ঈশা খাঁ হলের কিছু নেতা-কর্মীর বাগিবতণ্ডা হয়। বিবাদ মেটাতে রাতে ক্যাম্পাসে কামাল-রঞ্জিত মার্কেটে দুই পক্ষের নেতা-কর্মীরা একত্র হন। কিন্তু সমঝোতার বদলে এ সময় তাঁদের মধ্যে সংঘর্ষ বাধে। সভাপতি পক্ষের নেতা-কর্মীরা লাঠিসোঁটা, হকিস্টিক ও অন্য অস্ত্রশস্ত্র দিয়ে সাধারণ সম্পাদক পক্ষের মুফরাদ, স্নেহাশীষ, তুহিন, মাসুদ, জোবায়ের, নয়নসহ নয়জনকে বেধড়ক পিটিয়ে আহত করেন।সংঘর্ষের এই খবর সাধারণ সম্পাদকের পক্ষ-নিয়ন্ত্রিত অন্য পাঁচটি হলে ছড়িয়ে পড়লে হলগুলোর নেতা-কর্মীরা সভাপতির পক্ষ-নিয়ন্ত্রিত তিনটি হলের নেতা-কর্মীদের ধাওয়া করেন। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া।ওই ঘটনার জের ধরে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সভাপতির পক্ষের কর্মী নিবিড় ক্লাস শেষ করে বাইরে বের হলে সাধারণ সম্পাদকের পক্ষের কয়েকজন নেতা-কর্মী লাঠিসোঁটা দিয়ে তাঁকে পিটিয়ে আহত করেন। এ সময় সভাপতির পক্ষের নেতা-কর্মীরা ঘটনাস্থলে এলে দুই পক্ষের মধ্যে আবার পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।একপর্যায়ে সভাপতির পক্ষ পিছু হটে জব্বার মোড়ে গিয়ে রামদা, লাঠি, হকিস্টিক নিয়ে অবস্থান নেয়। অন্যদিকে সাধারণ সম্পাদকের পক্ষ শহীদ শামসুল হক হলের সামনে অস্ত্র নিয়ে অবস্থান নেয়। বিকেল পর্যন্ত উভয় পক্ষের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া চলে।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শামছুদ্দিন আল আজাদ বলেন, ‘ব্যক্তিগত আক্রোশ থেকে ঘটনাগুলো ঘটে থাকতে পারে। ঘটনার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’সাধারণ সম্পাদক রফিকুজ্জামান বলেন, ‘এ ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক বিষয়ের সংশ্লিষ্টতা নেই। বিরোধ মেটানোর চেষ্টা চলছে।’ভারপ্রাপ্ত প্রক্টর মো. সাজ্জাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের ব্যক্তিগত বিষয় নিয়ে এসব ঘটনা ঘটেছে। তবে বিষয়টি সমাধানে বিবদমান নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা চলছে। ক্যাম্পাসের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টাও অব্যাহত রয়েছে।