ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর জেলার শিবচর উপজেলার সরকারি বরহামগঞ্জ কলেজে গতকাল সোমবার দুপুরে আধিপত্য বিস্তার ও একটি স্কুলের শতবর্ষপূর্তি অনুষ্ঠানের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন ছাত্রলীগ নেতা-কর্মী আহত হন। আহত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সরেজমিনে গেলে উপস্থিত ছাত্রছাত্রীরা জানান, গতকাল দুপুরে শিবচর উপজেলার পৌর এলাকার সরকারি বরহামগঞ্জ কলেজে ছাত্রলীগের আধিপত্য বিস্তার ও একটি স্কুলের শতবর্ষপূর্তি অনুষ্ঠানের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে তুহিন ঢালী-মানিক মিয়া পক্ষের সঙ্গে আকরাম-আক্তার-আবুল পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। কলেজ চলাকালীন ক্যাম্পাসের মধ্যে দুই পক্ষ রামদা, চাপাতিসহ ধারালো দেশীয় অস্ত্র নিয়ে এক গ্রুপ অপর পক্ষের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। পরে আকরাম-আক্তার-আবুল গ্রুপের গুরুতর আহত আসলামকে হাসপাতালে নেওয়ার পথে তুহিন-মানিক পক্ষের সমর্থকেরা শিবচর পৌর বাজারে আবারও হামলা চালায়। দুই দফা সংঘর্ষে উভয় গ্রুপের মধ্যে কমপক্ষে ১৫ জন আহত হয়। তুহিন-মানিক গ্রুপের তুহিন ঢালি সরকারি বরহামগঞ্জ কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মানিক মিয়া কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক।আকরাম-আক্তার-আবুল গ্রুপের আসলাম বলেন, ‘অন্যায়ের প্রতিবাদ করায় তুহিন-মানিক গ্রুপের সন্ত্রাসীরা রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে।’কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন ঢালি বলেন, ‘কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মীদের জড়ো করে আলোচনা করছিলাম। এ সময় আকরাম-আক্তার-আবুল গ্রুপের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ বলেন, গুরুতর আহত ছয়জনের শরীরে চাপাতি ও ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। এদের সবাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক পিপিএম বলেন, ‘ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।’ সরকারি বরহামগঞ্জ কলেজের অধ্যক্ষ মো. তোতা মিয়া বলেন, সংঘর্ষ হয়েছে তবে তা কলেজ ক্যাম্পাসের বাইরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কলেজে পুলিশ মোতায়েন করা হয়েছে।