ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি নিয়ে গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটায় শহরের কান্দিরপাড় এলাকায় পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। পুলিশ অর্ধশতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ইটপাটকেলের আঘাতে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ, উপপরিদর্শক (এসআই) জামানসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। রাত সোয়া নয়টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ জানায়, সোমবার রাতের মতো গতকাল রাতেও কান্দিরপাড় এলাকায় কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিনের অনুসারী ছাত্রলীগ নেতারা ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে। এ সময় নজরুল এভিনিউ এলাকা থেকে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাংসদ ও হুইপ মো. মুজিবুল হকের অনুসারী ছাত্রলীগের আরেকটি পক্ষ পাল্টা মিছিল বের করে কান্দিরপাড়ে আসে। ওই সময়ে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে উভয় পক্ষ ফাঁকা গুলি ছোড়ে। দাঙ্গা পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।