ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, মোটরসাইকেল ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের সাবেক টঙ্গী পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে গতকাল রোববার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন চার কর্মী। সংঘর্ষের সময় ছাত্রলীগের কর্মীরা একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। তাঁদের হাতাহাতির সময় টঙ্গী পৌর ভবনের সামনে রাখা প্রথম আলোর টঙ্গী প্রতিনিধির মোটরসাইকেল পড়ে যায়। এতে মোটরসাইকেলের লুকিং গ্লাস ও ইনডিকেটর এবং হেলমেট ভেঙে যায়।পৌর ভবন সূত্র জানায়, টঙ্গী পৌরসভার সদ্য সাবেক মেয়র মো. আজমত উল্লাহ খানসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের বিদায় সংবর্ধনার জন্য বেলা ১১টার দিকে পৌর ভবনের আঙিনায় অনুষ্ঠানের আয়োজন করেন কর্মকর্তা-কর্মচারীরা। পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অনুষ্ঠান প্রাঙ্গণে বসা নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের কয়েকজন কর্মীর মধ্যে প্রথমে বাগিবতণ্ডা এবং পরে হাতাহাতি হয়। একপর্যায়ে দুই পক্ষের কর্মীরা পৌর ভবনের সামনে রাস্তায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ছাত্রলীগের কর্মী আশিকুল ইসলাম, ফাহিম, শরিফ ও ফয়সাল আহত হন। পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরে আশপাশের লোকজন আহত চারজনকে রক্তাক্ত অবস্থায় টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। আহত ফাহিম বলেন, অনুষ্ঠানে বসা নিয়ে ছাত্রলীগের কয়েকজন কর্মীর বাগিবতণ্ডা হয়। পরে অনুষ্ঠানের বাইরের রাস্তায় তাঁদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তবে বাগিবতণ্ডার মধ্যে তিনি ছিলেন না।সংঘর্ষের ব্যাপারে টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মো. সেলিম বলেন, ‘সংঘর্ষে জড়িত লোকেরা নামধারী ছাত্রলীগ কর্মী। তারা দলের কেউ না।’টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘খবর পেয়ে আমিও পৌরসভায় গিয়েছিলাম। মারামারির সঙ্গে জড়িত কাউকে পাইনি। এ বিষয়ে মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’