ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন কমিটি গঠনকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ১১ জনকে আটক করেছে পুলিশ।
আহত ব্যক্তিরা হলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নাজমুল হোসেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মোসাদ্দেক হোসেন, অর্থনীতি বিভাগের ইমরান হোসেন, নৃবিজ্ঞান বিভাগের প্রসেনজিৎ ত্রিপুরা এবং আইন বিভাগের জাহাঙ্গীর আলম ও তানভির স্বপ্নীল।
এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় প্রতিপক্ষের নেতা-কর্মীদের আসামি করে একটি মামলা দায়ের করেছে এক পক্ষ। অন্যদিকে আটক করা ব্যক্তিদের মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ও দুপুর আড়াইটার নগরমুখী শাটল ট্রেনটি আটকে দেয় অন্য পক্ষ।
ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠনের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। এর একটি পক্ষের নেতৃত্বে আছেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার দুই সহসভাপতি আরমান হেলালী ও সম্পদ চক্রবর্তী। অন্য পক্ষের নেতৃত্বে আছেন সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ও পরিবেশবিষয়ক সম্পাদক মজিবুর রহমান। এই দুই উপ-পক্ষই নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের আসন্ন নতুন কমিটিকে কেন্দ্র করে গত বুধবারও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই দুই উপ-পক্ষের কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে এবং উভয়পক্ষ ধারালো অস্ত্র হাতে মহড়া দেয়। কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে থাকায় সংঘর্ষের ঘটনা ঘটেনি। একই ঘটনাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ঝুপড়িতে ছাত্রলীগের দুই উপ-পক্ষের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে আহত ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলে সেখানেও হামলা চালায় একপক্ষ। এতে মোট ছয়জন আহত হন। তাঁদের মধ্যে জাহাঙ্গীর আলমের অবস্থা গুরুতর বলে চিকিৎসাকেন্দ্রের চিকিৎসকেরা জানিয়েছেন। পরে আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ছাত্রলীগের সহসভাপতি আরমান হেলালী প্রথম আলোকে বলেন, ‘মাহমুদুল ও মজিবুর তাঁদের নেতিবাচক কর্মকাণ্ডের কারণে হয়তো আগামী কমিটিতে কোনো পদে আসবে না। তাই আমরা যারা ক্যাম্পাসে সুষ্ঠু রাজনীতি করি তাদের অসম্মানজনকভাবে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে তারা নিজেদের পুনরায় প্রতিষ্ঠিত করতে এ ঘটনা ঘটিয়েছে। এতে আমার ছয় কর্মী আহত হয়েছে।’
তবে অভিযোগ অস্বীকার করে মাহমুদুল হাসান ও মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আমাদের জুনিয়র কর্মীদের মধ্যে ঘটেছে। আমরা চেষ্টা করেছি তাদের থামাতে। কিন্তু এই ঘটনাটিকে পুঁজি করে কেউ যদি সস্তা রাজনীতি করতে চায় তাহলে আমাদের বলার কিছু নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ-পুলিশসহ সবাই দেখেছে আমাদের ভূমিকা কী ছিল।’
১১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মঈন উদ্দিন বলেন, আটক করা ব্যক্তিদের হাটহাজারী থানায় পাঠানো হয়েছে।
এদিকে হাটহাজারী মডেল থানায় প্রতিপক্ষের ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত-আটজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে আরমান ও সম্পদের পক্ষটি। এতে সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, পরিবেশবিষয়ক সম্পাদক মজিবুর রহমান, প্রচার সম্পাদক (ভারপ্রাপ্ত) ইমাদ হোসেনসহ অন্যদের আসামি করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের নাম আমরা সংগ্রহ করেছি। তারা আমাদের আয়ত্তের মধ্যে আছে। শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।’