ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুটি হলের ছাত্রলীগের কর্মীদের মধ্যে গতকাল বুধবার এক সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহত কর্মীদের মধ্যে দুজনকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ছয়টার দিকে মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগের কর্মী নওফেল, বিমল ও নাজমুল বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র ও ছাত্রলীগের কর্মী জহির, শাহজাদা ও রুবেল সেখানে যান। কয়েক দিন আগে বাসে ওঠা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের কয়েকজন কর্মীর সঙ্গে নওফেলের কথাকাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে গতকাল চায়ের দোকানে উপস্থিত দুই হলের কর্মীরা বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগের কর্মী কিরণ সেখানে গেলে রুবেল কাচের গ্লাস দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এ খবর পেয়ে মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগের কর্মীরা সেখানে গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষ বাঁশ ও লাঠি ব্যবহার করে। এতে জহির, শাহজাদা ও নাজমুল আহত হন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।