বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের মধ্যে গতকাল বৃহস্পতিবার সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। পরে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হলে তল্লাশি চালিয়ে রামদা, হকিস্টিকসহ বিপুল পরিমাণ রড ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কামাল-রণজিৎ বিপণিবিতানে ওই দুই পক্ষের কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। এতে সাধারণ সম্পাদক পক্ষের কর্মী শাহিন আহত হন। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের কর্মীরা রামদা, রড ও লাঠিসোঁটা নিয়ে জব্বারের মোড়ের রেললাইনের দুই পাশে অবস্থান নেয়। উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জয়, সোহেল, জাহিদ, সুজয়, আজহারসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন কর্মী আহত হন। আহত কর্মীদের বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুল হক হল, সোহরাওয়ার্দী হল, শহীদ নাজমুল আহসান হল ও ফজলুল হক হলে পুলিশ তল্লাশি চালিয়ে ১৫টি রামদা, একটি তলোয়ার, চারটি মদের বোতল, রড ও লাঠিসোঁটাসহ বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করে।