ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা-কাটাকাটির জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুইটা পর্যন্ত এই সংঘর্ষ চলে৷
এদিকে গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ৷
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার রাতে ষোলশহর রেলস্টেশনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ‘কনকর্ড’ ও ‘ভিএক্স’ পক্ষের জুনিয়র কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে ওই রাতেই জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে বিষয়টি মিটমাট হয়ে যায়। কিন্তু গতকাল নগর থেকে সকাল সাড়ে ১০টার ট্রেন ক্যাম্পাসে পৌঁছালে ‘ভিএক্স’ পক্ষের কর্মীরা ‘কনকর্ড’ পক্ষের নেতা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির ধর্মবিষয়ক সম্পাদক একরামুল করিম চৌধুরী, সহসম্পাদক আনোয়ারুল আলম এবং ‘একাকার’ পক্ষের নেতা ও পরিবেশবিষয়ক সম্পাদক মুজিবুর রহমানের ওপর হামলা চালান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ তাঁদের উদ্ধার করে। তাঁরা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নেন৷ পরে উভয় পক্ষের নেতা-কর্মীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে ‘কনকর্ড’ ও ‘একাকার’ পক্ষের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেন এবং শাটল ট্রেন আটকে রাখেন। পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. শহীদুল্লাহ ও হাটহাজারী সার্কেলের এএসপি আ ফ ম নিজাম উদ্দীনের নেতৃত্বে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ কয়েকটি টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে উভয় পক্ষের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বেলা দুইটার দিকে মূল ফটকের তালা খুলে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বেলা আড়াইটার নগরমুখী ট্রেনটি বেলা সাড়ে তিনটার দিকে ক্যাম্পাস ছেড়ে যায়৷
ঘটনার জন্য উভয় পক্ষ পরস্পরকে দায়ী করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় উভয় পক্ষের নেতা-কর্মীদের হাতে আগ্নেয়াস্ত্রসহ ধারালো অস্ত্র দেখা যায়।
সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার: ঘটনার একপর্যায়ে বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বেশ কয়েকজন সাংবাদিক শাহজালাল আবাসিক ছাত্রাবাসের সামনে গেলে সেখানে অবস্থানরত ‘ভিএক্স’ পক্ষের নেতা-কর্মীরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং একপর্যায়ে ধারালো অস্ত্র হাতে তাঁদের দিকে তেড়ে আসেন। এ সময় পুলিশ ছাত্রলীগের উচ্ছৃঙ্খল নেতা-কর্মীদের নিবৃত্ত করে সাংবাদিকদের নিরাপদ দূরত্বে নিয়ে যায়৷
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মামুনুল হক বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার অত্যন্ত দুঃখজনক। যাঁরা এ ধরনের আচরণ করেছেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।’ তাঁর দাবি, ছাত্রলীগে বগিভিত্তিক সংগঠনের কোনো অস্তিত্ব নেই।
অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. শহীদুল্লাহ বলেন, ‘একটি ছাত্রসংগঠনের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ প্রস্তুত রয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘এ ধরনের অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খঁুজে বের করে শাস্তির মুখোমুখি করা হবে।’
বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের ছয় কর্মী আটক: এদিকে কথা-কাটাকাটির জের ধরে বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি কলেজ ছাত্রলীগের দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ ছাত্রলীগের ছয় কর্মীকে আটক করে৷