ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামের পক্ষের দুই কর্মী সুকান্ত এবং তরিকুল ইসলামের মধ্যে বাগিবতণ্ডা হয়। এ সময় সুকান্ত তরিকুলকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে তরিকুল ছাত্রলীগের সভাপতির পক্ষ ছেড়ে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের পক্ষে যোগ দেন।

এ ঘটনায় গতকাল সকাল থেকেই তরিকুল সাধারণ সম্পাদকের পক্ষের কর্মীদের নিয়ে সুকান্তকে প্রহারের জন্য ক্যাম্পাসে মহড়া দিচ্ছিলেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সাধারণ সম্পাদক পক্ষের কর্মীরা সভাপতি পক্ষের কয়েকজন কর্মীকে একা পেয়ে হামলা চালান। খবর পেয়ে সভাপতি পক্ষের কর্মীরা ছুটে এলে উভয় পক্ষের মধ্যে কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি জানতে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কয়েকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ বন্ধ পাওয়া যায়। 

বহিষ্কার: সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পাঁচ কর্মীকে বহিষ্কার করেছে। তাঁরা হলেন তরিকুল ইসলাম, হাসানুজ্জামান, সৌরভ রায় চৌধুরী, সৌরভ সাহা ও শেখ রুবেল। গতকাল রাতে ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।