বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে গতকাল রোববার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন।
কলেজ ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের নেতারা পরস্পরকে এই ঘটনার জন্য দায়ী করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে কলেজের একাডেমিক কাউন্সিল দুপুরে এক জরুরি বৈঠকে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচি বন্ধ ঘোষণা করেছে।
কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস প্রথম আলোকে বলেন, সভায় পাঠদান ও কলেজের একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধনসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।
ছাত্রলীগের নেতা-কর্মীরা জানান, ১৫ মার্চ জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজী ওরফে জুয়েল ও সাধারণ সম্পাদক মাশরাফি হিরোর সমর্থিত অংশের পক্ষ থেকে মশিউর রহমানকে সভাপতি এবং আসলাম হোসেনকে সাধারণ সম্পাদক করে কলেজে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
আল রাজী-মাশরাফীবিরোধী জেলা ছাত্রলীগের সহসভাপতি আবদুস সাত্তার ও যুগ্ম সাধারণ সম্পাদক তাজনুর রহমানের নেতৃত্বাধীন অপর অংশ ১২ এপ্রিল কলেজের পাল্টা কমিটি ঘোষণা করে। এতে বেনজির আহমেঞ্চদকে আহ্বায়ক এবং অসীম কুমার রায় ও আবদুল হান্নানকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টার মশিউর-আসলামের নেতৃত্বে ক্যাম্পাসে ছাত্রলীগের একটি মিছিল বের হয়। মিছিল শেষে তিতুমীর হল এলাকায় অবস্থান নিলে বেনজীর-হান্নান-অসীমের অংশের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করেন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৯টি রাবার বুলেট ও তিনটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
কলেজ ছাত্রলীগের একাংশের সাধারণ সম্পাদক আসলাম হোসেন বলেন, মিছিল শেষে অধিকাংশ নেতা-কর্মী ক্যাম্পাস ত্যাগ করে আবাসিক মেসে চলে গেলে বেনজীর-হান্নান-অসীমের নেতৃত্বে বহিরাগতরা ক্যাম্পাসে অবস্থারত ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর হামলা চালান।
কলেজ ছাত্রলীগের অপর অংশের আহ্বায়ক বেনজীর আহমেঞ্চদ হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রলীগ নামধারী বহিরাগতরা মিছিল থেকে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর ওপর ককটেল হামলা চালায়।