আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে রোববার রাতে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের এক কর্মী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে রোববার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট হল, মতিহার থানার পুলিশ সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হল শাখা ছাত্রলীগের আহ্বায়ক সেলিম হোসেন ও ছাত্রলীগের কর্মী খালিদ হাসানের মধ্যে আগে থেকে শত্রুতা চলছিল। রোববার রাতে খালিদ ও সেলিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সেলিমের সমর্থকেরা খালিদকে মারধর করে গুরুতর আহত করেন। এ ঘটনার জের ধরে ওই হলে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় হলে তাঁদের মধ্যে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুলসংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ছাত্রলীগের কর্মী খালিদ হাসানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে প্রক্টর ও পুলিশ সদস্যরা রাত সাড়ে তিনটার দিকে ওই হলে তল্লাশি চালিয়ে একটি পিস্তল উদ্ধার এবং সালাম নামের ছাত্রলীগের এক কর্মীকে আটক করেন।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী ও সাধারণ সম্পাদক আবু হুসাইন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।