ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ ১০ জন আহত হয়েছেন।
আহত পুলিশ কনস্টেবল দিদারুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাকেন্দ্রে চিকিত্সা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল ১০টার দিকে ট্রেন থেকে নামার সময় ছাত্রলীগের সভাপতি গ্রুপের এক কর্মীর পায়ে সাধারণ সম্পাদক গ্রুপের আরেক কর্মীর পা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই দুই কর্মীর মধ্যে হাতাহাতি হয়। পরে বিষয়টি সমাধানের জন্য দুই পক্ষের নেতা-কর্মীরা কলাভবনের কাছে আলোচনায় বসার চেষ্টা করেন। কিন্তু এ সময় আলোচনা না হয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এরপর দুই পক্ষ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে আবার পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। ছাত্রলীগের নেতা-কর্মীরাও ইটপাটকেল ছোড়ে। বেলা একটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে পুলিশের কনস্টেবল দিদারুল ইসলামসহ ১০ জন আহত হন।
এ ব্যাপারে ছাত্রলীগের সভাপতি গ্রুপের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘পায়ে পা লাগার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ আমাদের কর্মীর ওপর কোনো কারণ ছাড়াই হামলা চালিয়েছে। এতে আমাদের পাঁচজন কর্মী আহত হন। আমরা এর বিচার চাই।’
ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু দাবি করেন, প্রতিপক্ষরা তাঁদের ওপর হামলা করেছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘দুই পক্ষের মধ্যে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। কিন্তু কোনো পক্ষই কথা শোনেনি। পরে পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’