ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, ব্যাপক ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ছাত্রকে মারধর করার ঘটনায় গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে এক অফিস সহকারীসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও দুটি ছাত্রাবাসে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলম জানান, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্রাট বিশ্বাস, মাহাদি হাসান ও জাহাঙ্গীর আলম নামের তিন ছাত্রকে বিজয় দিবস হল থেকে বহিষ্কার করেছে।
প্রত্যক্ষদর্শী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও কর্মকর্তা সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই। কিন্তু জাহাঙ্গীর ও ঈশা গ্রুপ নামে ছাত্রলীগের দুটি অংশ বিশ্ববিদ্যালয়ে সক্রিয় রয়েছে।
গত মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস হলে ঢুকে ফরিদ মল্লিক নামে এক ছাত্রকে মারধর করেন জাহাঙ্গীর গ্রুপের কয়েকজন সমর্থক। ফরিদ মল্লিক ঈশা গ্রুপের সমর্থক। মারাত্মক আহত অবস্থায় ফরিদ মল্লিককে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফরিদ মল্লিকের ওপর হামলার জের ধরে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী কবিতা খানমসহ পাঁচজন আহত হন। সংঘর্ষ চলাকালে প্রশাসনিক ভবন ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর করা হয়। এ সময় উভয় গ্রুপের মধ্যে কয়েকটি গুলি ছোড়ার ঘটনাও ঘটে। এ সংঘর্ষের সময় সাধারণ শিক্ষার্থীরা ভয়ে ছোটাছুটি করতে থাকেন। এর ফলে বেলা একটার পর কোনো ক্লাস অনুষ্ঠিত হতে পারেনি।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে পুলিশ বিশ্ববিদ্যালয়ের দুটি হলে তল্লাশি করে। পুলিশ ক্যাম্পাস থেকে চলে যাওয়ার পর রাত একটার দিকে ছাত্রলীগের একটি গ্রুপ বিজয় দিবস হল ও স্বাধীনতা দিবস হলে হামলা করে ভাঙচুর চালায়।