ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার সন্ধ্যায় বিজয় চত্বরে উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেবীগঞ্জ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভার পর ছাত্রলীগের আশরাফুল-শামিমুরের পক্ষের নেতা-কর্মীরা বিজয় চত্বরে অবস্থান করছিলেন। এ সময় আসাদ-ফরিদের পক্ষের কয়েকজন নেতা-কর্মী তাঁদের ওপর হামলা চালান। সংঘর্ষ বাধলে শামিমুর, নোমান, জজ, সুজন, জসিমসহ ১০ জন আহত হন। শাওন, নোমান, জজ ও সুজনকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দেবীগঞ্জ থানার ওসি আবদুল মোনায়েম জানান, এ ঘটনায় কোনো পক্ষই মামলা করেনি।