ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। গত বুধবার রাত সোয়া ১১টার দিকে ক্যাম্পাসে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে আশিকুজ্জামান ওরফে রুপক নামে এক ছাত্রলীগ নেতার সঙ্গে লক্ষ্মণ চন্দ্র বর্মণ নামের আরেক ছাত্রলীগ নেতার কথা-কাটাকাটি হয়। এ সময় লক্ষ্মণ ও রুপকের মধ্যে মারামারি হয়। রুপক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারী। অন্যদিকে লক্ষ্মণ উপমুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলামের অনুসারী। ওই ঘটনার জের ধরে ইমরান খান ও সাজিদুল ইসলাম পক্ষের মধ্যে শাহপরাণ আবাসিক হলের সামনে সংঘর্ষ হয়। এ সময় ছাত্রলীগের অন্তত ১০ নেতা-কর্মী আহত হন। তাঁদের মধ্যে উজ্জ্বল, শোভন ও নাহিদ গুরুতর আহত হন। তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম বলেন, ‘কথা-কাটাকাটির ঘটনা নিয়ে মীমাংসার সময় ইমরানের কর্মীরা আমার কর্মীদের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়।’
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি আখতার হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত তিনজনকে ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।