কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার শহরতলির ধর্মপুর এলাকায় কলেজের ডিগ্রি শাখায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রগুলো জানায়, কুমিল্লা-১১ আসনের সাংসদ ও হুইপ মো. মুজিবুল হকের অনুসারীরা ছাত্রলীগের সানাউল ইসলাম নামের একজন কর্মীকে কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক পদে বসিয়েছেন, এমন খবরে ক্ষুব্ধ কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিনের অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীরা দুপুরের দিকে কলেজের কলা ভবনের সামনে জড়ো হন। একপর্যায়ে তাঁরা হুইপের অনুসারীদের ধাওয়া করেন। পরে কলেজের বাইরের সড়কে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় উভয় পক্ষ কমপক্ষে ৩০টি গুলি ছোড়ে। সংঘর্ষে কামরুল হাসান, আমিরুল ইসলাম, শাকিল, রিপন ও ফিরোজসহ কমপক্ষে ১০ জন আহত হন।সূত্র জানায়, সাংসদ বাহাউদ্দিনের অনুসারী বাংলা দ্বিতীয় বর্ষের ছাত্র আমিরুল ইসলামের মেরুদণ্ডে গুলি লাগে। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হুইপ মুজিবুল হকের অনুসারী রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্র কামরুল হাসানের হাতে ও পেটে গুলি লাগে। তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্য ছাত্ররা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।কুমিল্লার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ইলতুৎমিশ প্রথম আলোকে জানান, কলেজের বাইরের রাস্তায় তিন-চারটি গুলির শব্দ শোনা গেছে। এ ছাড়া ককটেল বিস্ফোরণের শব্দও শোনা গেছে। তিনি আরও জানান, জেলা ছাত্রলীগের দুই পক্ষের কোন্দল কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়ায় ওই হাঙ্গামা হয়েছে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।হুইপের অনুসারী জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আনিসুর রহমান জানান, ভিক্টোরিয়া কলেজের কর্মীরা কোনো এমপির প্রতিপক্ষ নন। স্থানীয় সাংসদের উচিত, সবাইকে ঐক্যবদ্ধ করা, বিভাজন সৃষ্টি করা নয়।অন্যদিকে সাংসদ বাহাউদ্দিনের অনুসারী কলেজের ছাত্রসংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) আবদুল্লাহ আল মাহমুদ জানান, অছাত্রদের দিয়ে জেলা ছাত্রলীগের কমিটি গঠনের পর তাঁরা এবার কলেজেও একই কায়দায় কমিটি গঠন করতে চান। এরই প্রতিবাদে অছাত্র ও বহিরাগতদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছেন ছাত্ররা।