সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ নেতা-কর্মীদের সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে গতকাল সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজু ও সৌমিত্র পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ভাঙচুর করেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গ্রন্থাগার ভবনের সামনে সংঘর্ষের সময় উভয় পক্ষের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র, রড, লাঠি ও রামদা ব্যবহার করেন। এ সময় ১২ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন ছাত্রলীগের কর্মী হারুন, বেলায়াত ও সমানী। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম সাইফুল ইসলাম বলেন, পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্রলীগের দুই পক্ষের সঙ্গে যোগাযোগ করে কারও বক্তব্য পাওয়া যায়নি।