ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল ধারালো অস্ত্র হাতে (লাল চিহ্নিত) এক পক্ষ অন্য পক্ষকে ধাওয়া দেয় ছবি: প্রথম আলো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল ধারালো অস্ত্র হাতে (লাল চিহ্নিত) এক পক্ষ অন্য পক্ষকে ধাওয়া দেয় ছবি: প্রথম আলো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে একজন সহকারী প্রক্টরসহ কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন।
শাটল ট্রেনের বগিভিত্তিক পক্ষ ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) ও সিক্সটি নাইনের মধ্যে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, গতকাল সকাল ১০টার দিকে শাটল ট্রেন থেকে নামার সময় ভিএক্স পক্ষের কর্মী সিয়ামের পায়ের সঙ্গে সিক্সটি নাইন পক্ষের কর্মী নীরবের পা লাগে। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসের মূল ফটকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় দুই পক্ষকে থামাতে গিয়ে ইটপাটকেলের আঘাতে সহকারী প্রক্টর লিটন মিত্র সামান্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা দুইটার দিকে ভিএক্স পক্ষের কর্মী রাব্বীকে সিক্সটি নাইন পক্ষের নেতা-কর্মীরা রেলস্টেশন চত্বরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, সংঘর্ষের সময় দুই পক্ষের নেতা-কর্মীদের হাতে রামদা, চাপাতি, লোহার রড, পাইপ ও লাঠিসোঁটা দেখা যায়।
সূত্র জানায়, সংঘর্ষের সময় পুলিশের কনস্টেবল দিদারুল হক আহত হন। ভিএক্স পক্ষের নেতা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস এম আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী বিশ্ববিদ্যালয় পরিস্থিতিকে অস্থিতিশীল করতে সিআরবিতে টেন্ডারবাজির ঘটনায় জোড়া খুনের আসামিদের নিয়ে আমাদের ওপর হামলা চালায়।’
অভিযোগ অস্বীকার করে এম এ খালেদ চৌধুরী বলেন, ‘শিবিরের সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক পীযূষ কান্তি বর্মণের আঁতাতের প্রতিবাদ করায় ভিএক্স পক্ষ সিএক্সটি নাইন পক্ষের ওপর চড়াও হয়।’
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০৬টি ফাঁকা গুলি ও অর্ধশতাধিক কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী বলেন, পুলিশ গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।