ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে কলাপাড়া পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের নাইয়াপট্টি ও উপজেলা সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এক সাংবাদিকের বাসভবনসহ দুটি বাসায় হামলার ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সদ্যবিলুপ্ত উপজেলা ছাত্রলীগের সভাপতি ও টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহামুদুল হাসান সুজন মোল্লার সমর্থক রাফসানজানিসহ কয়েকজন নাইয়াপট্রি এলাকার সোহেল, আবির ও সোহাগকে মুঠোফোনে ডেকে এনে মারধর করেন। তাঁরা সবাই উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জাকির হোসেনের সমর্থক।বিষয়টি জানাজানি হলে জাকিরের পক্ষের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে নাইয়াপট্রি এলাকার অয়েল মিল পুকুরের পাড়ে জড়ো হতে থাকেন। সুজন মোল্লার কর্মীরাও পাল্টা হামলা চালানোর জন্য অয়েল মিল পুকুরের পূর্বপাড়ে জড়ো হন। রাত সাড়ে ১০টার দিকে দুই পক্ষ একে অপরের ওপর হামলা শুরু করে। একপর্যায়ে নাইয়াপট্টি এলাকার শিহাব পারভেজ ও উপজেলা সড়ক এলাকার আওয়ামী লীগ-সমর্থক তপন বিশ্বাসের বাসায় হামলার ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের একপর্যায়ে পুলিশ এসে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে সুজন মোল্লার সমর্থক মামুন হাওলাদার ও মিজানুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার সকাল থেকে কলাপাড়ার নাইয়াপট্টি এলাকার মৎস্যজীবীরা ধর্মঘট ডাকে। কলাপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. মাহাবুব সিকদার অভিযোগ করেন, দলীয় কোন্দলে পাল্টাপাল্টি হামলার সময় নাইয়াপট্টিতে হামলা করা হয়েছে। এ ব্যাপারে মো. মাহমুদুল হাসান সুজন মোল্লা বলেন, ‘আসলে ঘটনার সময় আমি গ্রামে ছিলাম। খবর পেয়ে ছুটে এসেছি। এটা কোনো দলীয় ঘটনা নয়। নিজেদের মধ্যে পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে।’ জাকির হোসেন বলেন, এর আগেও তাঁর এক কর্মীর ওপর হামলা চালানো হয়। তাঁর ডান হাত কুপিয়ে জখম করা হয়। এবার শুধু সমর্থকদের ওপরই হামলা নয়, এলাকার নারী-পুরুষের ওপরও হামলা চালানো হয়েছে।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসাহাক আলী বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখনো পুলিশ টহল দিচ্ছে। এ পর্যন্ত কোনো পক্ষই থানায় এসে অভিযোগ করেনি।